রূপগঞ্জে এলডিডিপি প্রকল্পে ৪৪০ দুগ্ধ খামারিকে উপকরণ বিতরণ

১৫ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রাণিসম্পদ অধিদপ্তর এর আওতাধীন এলডিডিপি (Livestock and Dairy Development Project) প্রকল্পের অধীনে ৪৪০ জন ডেইরি পিজি সদস্যের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দীপু)। তিনি খামারিদের উদ্দেশে বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও সহায়তা কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং এ ধরনের উদ্যোগ খামারিদের উৎপাদন বৃদ্ধি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস। তিনি রূপগঞ্জের প্রাণিসম্পদ বিভাগের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং খামারিদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানান।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রূপগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রত্যেক খামারিকে ২টি মিল্ক ক্যান, ১ জোড়া গামবুট, ১টি হিউমিডিটি মিটারসহ ঘড়ি, ১ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ১টি টিট ডিপিং কাপ প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় খামারি, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে খামারিরা আরও আধুনিক পদ্ধতিতে দুধ উৎপাদনে উৎসাহিত হবেন এবং দেশের দুগ্ধ খাত আরও সমৃদ্ধ হবে।