নেপাল ফিশারিজ সোসাইটির আজীবন সদস্য নির্বাচিত পুষ্টিবিদ সাইফি নাসির

বাংলাদেশের মৎস্য খাতের পরিচিত মুখ, পুষ্টিবিদ সাইফি নাসির নেপাল ফিশারিজ সোসাইটির আজীবন সদস্য (লাইফ টাইম মেম্বারশিপ) হিসেবে মনোনীত হয়েছেন। মৎস্যখাতে তাঁর দীর্ঘদিনের গবেষণা, নিউট্রিশন ও অ্যাকোয়াকালচার উন্নয়নমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

নেপাল ফিশারিজ সোসাইটি নেপালসহ সমগ্র উপমহাদেশে মৎস্য খাতের গবেষণা, নিউট্রিশন ও কালচার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংস্থাটি দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তাদের মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে সদস্যপদ প্রদান করে থাকে।

পুষ্টিবিদ সাইফি নাসির গত সাত বছর ধরে নেপালের ফিশারিজ সেক্টরে সক্রিয়ভাবে কাজ ও সহযোগিতা করে আসছেন। তাঁর একাধিক গবেষণা ও পরামর্শমূলক কর্মকাণ্ড নেপালের মাছ চাষ ও ফিড শিল্পে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর স্বীকৃতি হিসেবেই তাঁকে আজীবন সদস্যপদে ভূষিত করা হয়েছে।

টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া সাইফি নাসির ২০০০ সালে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগে ভর্তি হয়ে ২০০৯ সালে অনার্স এবং ২০১১ সালে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন, যথাক্রমে প্রথম বিভাগে সপ্তম ও দ্বিতীয় স্থান অধিকার করেন।

একই বছর তিনি এসএমএস ফিডস লিমিটেডে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১২ সালে প্যারাগন গ্রুপে যোগ দিয়ে যশোর ও চট্টগ্রামে ফ্যাক্টরি ও ফিল্ড উভয় পর্যায়ে সফলভাবে কাজ করেন ২০১৭ সাল পর্যন্ত। এরপর ২০১৮ সালে আর আর পি এগ্রো ফার্মসে ফিসারিজ ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে তিনি থাইল্যান্ডের Kasetsart University-এর আওতায় Department of Fisheries থেকে “Aqua Feedmill and Nutrition” বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে কৃতিত্বের সঙ্গে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২১ সালে তিনি নেপালের Birat Feed Industry Ltd.-এ Aqua Nutrition and Aquaculture Expert হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে বাংলাদেশে ফিরে ২০২২ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত আর আর পি এগ্রো ফার্মসের অ্যাকোয়া হেড হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আর বি এগ্রো লিমিটেড (কেজিএস গ্রুপ)-এর AGM Sales & Technical, Fish Feed হিসেবে ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত আছেন।

ব্যক্তিগত জীবনে পুষ্টিবিদ সাইফি নাসির বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। তিনি দেশ-বিদেশে মৎস্যখাতে আরও অবদান রাখার প্রত্যয়ে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।