| দিনাজপুরের পার্বতীপুর উপজেলা-এ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)-এর আওতায় ডেইরি প্রডিউসার গ্রুপ (PG) সদস্যদের মাঝে উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ মে ২০২৬) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পার্বতীপুর-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ। অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মোসাহেব আহমেদ নাঈম সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার। এছাড়াও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ রাসেল পারভেজসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় পার্বতীপুর উপজেলার ১৮টি ডেইরি প্রডিউসার গ্রুপের (PG) মোট ৭২০ জন সদস্যের মাঝে উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি, দুধ উৎপাদন বাড়ানো এবং টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। বক্তারা বলেন, সরকারের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প দেশের দুগ্ধখাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে প্রান্তিক খামারিরা আধুনিক প্রযুক্তি ও উপকরণ ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে। |







