| দিনাজপুরের বিরল উপজেলা-এ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে আজ ০৫ মে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বিরল-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মাদ সায়েক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম। ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রকল্পের উদ্দেশ্য, সুফল এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ সুফলভোগীদের সাথে মতবিনিময় করেন এবং উপকরণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ পর্যায়ে ৫৬ জন সুফলভোগীর প্রত্যেককে ২টি করে ছাগল, ৫০ কেজি উন্নতমানের পশুখাদ্য এবং ৫টি করে প্লাস্টিক ফ্লোরম্যাট (মাচা) প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আয়বর্ধক কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প সংশ্লিষ্টরা আরও জানান, এর আগে একই প্রকল্পের আওতায় বিরল উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি ৪২ জনের মাঝে ১টি করে মোট ৪২টি ষাঁড় বাছুর, ৮৪ জনের মাঝে ৮৪টি বকনা বাছুর, ২৩৭ জনের মাঝে ২টি করে মোট ৪৭৪টি ভেড়া, ১০০ জনের মাঝে ২টি করে মোট ২০০টি ছাগল, ২৭০ জনের মাঝে ২০টি করে মোট ৫৪০০টি মুরগি এবং ২৯৬ জনের মাঝে ২০টি করে মোট ৫৯২০টি হাঁস বিতরণ করা হয়েছে। এছাড়াও গবাদিপশু ও হাঁস-মুরগির খাদ্য এবং পশুপাখির ঘর নির্মাণ সামগ্রী সরবরাহ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, প্রকল্পের সুফল দীর্ঘমেয়াদে টেকসই জীবিকা গঠনে সহায়ক হবে। |







