৩টি পার্বত্য জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩টি পার্বত্য জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আবু তাহের মুহাম্মদ জাবের। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আখতার।

সভায় ৩টি পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এ বাস্তবায়নাধীন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের বর্তমান অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, সমন্বয় এবং মাঠপর্যায়ে কার্যকর মনিটরিং জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় প্রকল্পের সফল বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, দক্ষ জনবল উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিষয়ে মতামত তুলে ধরা হয়। মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।