জাতীয়তাবাদী ফিশারিজ কৃষিবিদদের সংগঠন ফিশারিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব)-এর সদ্য ঘোষিত ১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত কৃষিবিদ মো. মশিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দুই কৃষিবিদ সংগঠন—এগ্রো প্রফেশনালস বাংলাদেশ এবং মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটি।
আজ সোমবার (১৭ নভেম্বর) রাজধানীতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় এগ্রো প্রফেশনালস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সানি আমির (সানি) এবং মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ এস. এম. তানভীর কাওছার। তারা নবনির্বাচিত সভাপতির হাতে ফুলের তোড়া তুলে দেন এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমে সফলতার প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা জানাতে গিয়ে প্রতিনিধিরা বলেন, ফ্যাব-এ দীর্ঘদিনের সংগঠনিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা নিয়ে কৃষিবিদ মো. মশিউর রহমান নতুন কমিটিকে আরও গতিশীল করবেন। তার নেতৃত্বে ফিশারিজ সেক্টরের সার্বিক উন্নয়ন এবং কৃষিবিদদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় কৃষিবিদ মো. মশিউর রহমান দুটি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই শুভেচ্ছা আমাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। ফ্যাবকে একটি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
উল্লেখ্য, শনিবার (১৫ নভেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশনের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা এবং নতুন আংশিক কমিটি গঠন করা হয়। এতে তিনি সভাপতি নির্বাচিত হন।







