গুরদাসপুরে ক্রাউন এগ্রোর খামারি সমৃদ্ধি সভা অনুষ্ঠিত

নাটোরের গুরদাসপুরে কেজিএস গ্রুপের সিস্টার কনসার্ন ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে খামারিদের নিয়ে ১১ নভেম্বর দিনব্যাপী ‘খামারি সমৃদ্ধি সভা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলিপুরস্থ এলিগেন্ট ফিডের অধীনে মাছ চাষিদের অংশগ্রহণে এ টেকনিক্যাল কর্মশালার আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় প্রায় ১০০ জন মৎস্য খামারিকে মাছ চাষের আধুনিক ব্যবস্থাপনা, খাবার ব্যবস্থাপনা, রোগবালাই শনাক্তকরণ ও প্রতিকার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিএস গ্রুপের এলিগেন্ট ফিডের হেড অফ সেলস কৃষিবিদ এস. এম. তানভীর কাওছার। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সেলস ম্যানেজার রাজু আহমেদ, এরিয়া সেলস ম্যানেজার মো. হাসান, এবং অতিথি টেকনিক্যাল ম্যানেজার কৃষিবিদ তানভীর হোসেন। তারা যৌথভাবে সেশন পরিচালনা করেন।

কর্মশালা শেষে র‍্যাফেল ড্র এর মাধ্যমে অংশগ্রহণকারী খামারি ও ডিলারদের মধ্যে উপহার বিতরণ করা হয়। আয়োজনটি খামারিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে এবং মাছ উৎপাদন ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সম্ভাবনা তৈরি করে।