বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও নতুন এক্সিকিউটিভ কাউন্সিল গঠিত

বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নতুন এক্সিকিউটিভ কাউন্সিল গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর তেজগাঁওস্থ ইয়ন কনভেনশন সেন্টারে ফাউন্ডেশনের সভাপতি ড. মো. গোলাম হোসেন-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী তিন বছরের জন্য ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা সভাপতি এবং জেনেটিক অ্যাকুয়া হ্যাচারি অ্যান্ড ব্রিডার্স-এর স্বত্বাধিকারী কৃষিবিদ মোহাম্মদ জিল্লুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

নবগঠিত এক্সিকিউটিভ কাউন্সিলে চীফ এডভাইজার হিসেবে নির্বাচিত হন ড. মো. গোলাম হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান এবিএম শামসুল আলম। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ গোলাম মোস্তফা ও আব্দুল কাদের তরফদার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আমিরুল কবির চৌধুরী এবং কোষাধ্যক্ষ হিসেবে মনসুর আলম দীপু নির্বাচিত হন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন শ্রী রিতিশ পন্ডিত, মো. আব্দুল বাতেন, রফিকুল ইসলাম আকন্দ, প্রফেসর আব্দুল্লাহ আল মামুন এবং শফিকুল ইসলাম তালুকদার। বার্ষিক সাধারণ সভায় ফাউন্ডেশনের বিগত বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। একই সঙ্গে দেশের মৎস্য ও জলজ সম্পদ উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্যসম্মত উপায়ে তেলাপিয়া চাষ ব্যবস্থাপনা, বিপণন ও রপ্তানি সম্প্রসারণে ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি মোমিন উদ দৌলা তার বক্তব্যে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তেলাপিয়া শিল্পকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ ও গবেষণাভিত্তিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মৎস্য ও জলজ সম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন এক্সিকিউটিভ কাউন্সিলের নির্বাচন পরিচালনায় চীফ ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এস এম রফিকুজ্জামান। ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ এম শাহাবুদ্দিন এবং ফিশটেক বিডি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারিক সরকার।