| দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে সার ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষি খাত শক্তিশালী না হলে দেশের সামগ্রিক উন্নয়নও টেকসই হবে না। তাই কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কৃষি ভবনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজিত সার ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের টেকসই ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে চলতি ২০২৫–২০২৬ অর্থবছরে ৫ হাজার কিলোমিটার খাল খননের কাজ পুরোদমে চলমান রয়েছে। তিনি আরও বলেন, প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করতে শিগগিরই কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে। এর মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা ও সহায়তা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সভায় কৃষিমন্ত্রী দেশের সার মজুদ ও সরবরাহ পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। পাশাপাশি বিদ্যমান পরিবহন ব্যবস্থার পাশাপাশি ব্যয় সাশ্রয়ী ও জবাবদিহিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে রেলপথে সার পরিবহনের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়েও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। |







