| আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ মিরপুর কৃষিবিদ ওয়েলফেয়ার সোসাইটি বহুল প্রতীক্ষিত ফ্যামিলি গেট-টুগেদারের আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনে অংশ হিসেবে একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই অংশ নিতে পারবেন। সমাজের সদস্যদের সৃষ্টিশীল চর্চা, মেধা ও প্রতিভা তুলে ধরার উদ্দেশ্যে স্মরণিকার জন্য বিভিন্ন ধরনের লেখা ও চিত্রাংকন জমা নেওয়া হবে।
স্মরণিকায় শিশু-কিশোরদের জন্য স্বরচিত কবিতা, গল্প, কৌতুক এবং আগ্রহ অনুযায়ী যে কোনো সৃজনশীল বিষয়ের উপর লেখা আহ্বান করা হয়েছে। এ বিভাগে শিক্ষার্থীদের দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে—পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গ্রুপ ‘এ’ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা থাকবে গ্রুপ ‘বি’-তে। পাশাপাশি চিত্রাংকন প্রতিযোগিতার জন্য বয়সভিত্তিক তিনটি গ্রুপ নির্ধারণ করা হয়েছে। পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুরা গ্রুপ ‘এ’, পাঁচ থেকে দশ বছর বয়সীরা গ্রুপ ‘বি’ এবং ১১ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোররা গ্রুপ ‘সি’-তে অংকন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
শুধু শিশু-কিশোর নয়, প্রাপ্তবয়স্ক সদস্যরাও স্মরণিকায় নিজেদের অনুভূতি, স্মৃতিচারণ কিংবা যে কোনো ফিচারধর্মী লেখা পাঠাতে পারবেন। প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি রঙ্গিন ছবি এবং লেখার বিপরীত পৃষ্ঠায় নিজের নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণী, বয়স ও যোগাযোগ নম্বর উল্লেখ করতে অনুরোধ করা হয়েছে। লেখা এবং চিত্রাংকন জমা দেওয়ার জন্য এস এম মছিউল আজম (রনি) এবং ডা. মোঃ আরেফিন হাবিবের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া সব লেখাই স্মরণিকা প্রকাশনার জন্য বিবেচনা করা হবে। আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে যে, এ উদ্যোগ মিরপুর কৃষিবিদ সমাজের নবীন ও প্রবীণ সবার মাঝে সৃজনশীলতার চর্চা আরও বিস্তৃত করবে এবং গেট-টুগেদারকে করবে আরও সমৃদ্ধ ও স্মরণীয়। |








