| ২৪ আগস্ট ২০২৬ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সফলতা কামনা করে সোমবার (২৪ আগস্ট) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিন, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ খোন্দকার আসাদুজ্জামান, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ। দোয়া মাহফিলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, রাষ্ট্র পরিচালনায় সফলতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত রাষ্ট্রপতির সফল দায়িত্বপালন, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং দেশের সার্বিক অগ্রগতি কামনা করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। |







