মৎস্য গবেষণার অগ্রগতি ও পরিকল্পনা বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর মৎস্য বিভাগের আয়োজনে ‘Research Review 2024-2025 & Research Program 2025-2026 on Fisheries of NARS Institutes’ শীর্ষক এক গবেষণা পর্যালোচনা কর্মশালা আজ ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার বিএআরসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য প্রফেসর এএসএম গোলাম হাফিজ।

বিএআরসি’র মৎস্য বিভাগের সদস্য পরিচালক ড. অজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএআরসি’র মৎস্য বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শাহজাদ কুলি খান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৎস্য বিভাগের আরেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিরিন সুলতানা।

এই কর্মশালায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর অধীনস্থ সারাদেশের ১০টি গবেষণা কেন্দ্র ও উপকেন্দ্র থেকে গত ২০২৪-২০২৫ অর্থবছরের গবেষণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি, আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত গবেষণা পরিকল্পনাগুলোও উপস্থাপন করা হয়।

কর্মশালাটি জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থার (এনএআরএস) আওতায় মৎস্য খাতের গবেষণাকে আরও গতিশীল ও বাস্তবসম্মত করার পাশাপাশি আগামী দিনের গবেষণা অগ্রাধিকার চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বিশিষ্টজনরা অভিমত ব্যক্ত করেন।