| সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ২০২২–২৩ শিক্ষাবর্ষের ১৪তম ব্যাচের শিক্ষার্থী খন্দকার এহসানুল হক রুহিত দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন সংগ্রামের পর গতকাল ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম খন্দকার এহসানুল হক রুহিতের পিতা খন্দকার এমদাদুল হক এবং মাতা খন্দকার ফাহমিদা আক্তার। তাঁদের পারিবারিক ঠিকানা ৬৭/৭, টিএন্ডটি রোড, ভালুকা পৌরসভা, ময়মনসিংহ।
তার মৃত্যুতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন সম্ভাবনাময় শিক্ষার্থী হিসেবে তাঁর অকাল প্রয়াণকে বিশ্ববিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, খন্দকার এহসানুল হক রুহিতের স্মৃতি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সহপাঠীদের হৃদয়ে চিরদিন অম্লান থাকবে। উপাচার্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তাআলার নিকট মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করেন। |







