শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গ্রুপ হাসপাতাল চিকিৎসা বীমা চালু

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং চিকিৎসা ব্যয় হ্রাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সঙ্গে “গ্রুপ হাসপাতাল চিকিৎসা বীমা” চুক্তি সম্পাদন করেছে। এ সময় উপস্থিত ছিলেন শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন ও পরিচালক অর্থ ও হিসাব অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর পক্ষে উপসিস্থিত ছিলেন এমডি এন্ড সিইও মোঃ কাজিম উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রবীব চন্দ্র দাস এবং এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ মহসিন। এ বীমা সুবিধার আওতায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা স্বল্প প্রিমিয়ামের বিনিময়ে হাসপাতালভিত্তিক চিকিৎসা ব্যয়ের আর্থিক সহায়তা পাবেন।

বীমা চুক্তি অনুযায়ী, নবীন শিক্ষার্থীদের ভর্তি তারিখ থেকেই বীমা কার্যকর হবে এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত তারিখ থেকে এ সুবিধা প্রযোজ্য হবে। ৪ (চার) বছর মেয়াদি ডিগ্রি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য এককালীন প্রিমিয়াম ১,০৫০ টাকা এবং ৫ (পাঁচ) বছর মেয়াদি ডিগ্রি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ১,২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীর অবশিষ্ট অধ্যয়নকাল অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে আনুপাতিক হারে প্রিমিয়াম নির্ধারণ করা হবে।

এ বীমা পরিকল্পনার আওতায় কোনো শিক্ষার্থী অসুস্থতা বা দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হলে বছরে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা ব্যয়ের আর্থিক সহায়তা পাবেন। এছাড়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের নির্ধারিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুবিধাও ভোগ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ উদ্যোগ শিক্ষার্থীদের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।