| উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে পশুপালন খাতকে আরও শক্তিশালী করতে সরকার পরিচালিত সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় পাবনার সুজানগর উপজেলায় স্থানীয় সুফলভোগীদের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে।
১১ ডিসেম্বর ২০২৫ তারিখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সুজানগর-এর উদ্যোগে ৩৯ জন সুফলভোগীকে প্রতিজন ১৫টি করে হাঁস (১৩টি হাঁসি ও ২টি হাঁসা) প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৫৮৫টি হাঁস বিনামূল্যে বিতরণ করা হয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাঁস বিতরণের এই উদ্যোগ স্থানীয় পরিবারগুলোর আর্থিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে চরাঞ্চল ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় হাঁস পালন তুলনামূলকভাবে কম খরচে লাভজনক হওয়ায় উপকারভোগীরা দ্রুত সুফল পাবেন বলে আশা করা হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, শুধু হাঁস বিতরণই নয়, উপকারভোগীদের যথাযথ প্রশিক্ষণ, পরামর্শ এবং পশুস্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। |







