| হবিগঞ্জের লাখাই উপজেলার ৪ নং বামই ইউনিয়ন পরিষদ মাঠে আর বি এগ্রো লিমিটেড এর ফিড ব্রান্ড সেইফ ফিড এর আয়োজনে ও মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স-এর উদ্যোগে আজ ২১ এপ্রিল ২০২৬ এ খামার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল “সঠিক জ্ঞান + উন্নত ফিড + আধুনিক ব্যবস্থাপনা = সফল খামার”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. মিজানুর রহমান, জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং), সেইফ ফিড, আর বি এগ্রো লিমিটেড; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইফ ফিডের টেকনিক্যাল ম্যানেজার ডা. মনোয়ার হোসেন এবং হবিগঞ্জ অঞ্চলের আরএসএম মোহাম্মদ বোরহান উদ্দিন। সভাপতিত্ব করেন মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. আব্দুল আলিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. আজাদ হোসেন, চেয়ারম্যান, ৪ নং বামই ইউনিয়ন, লাখাই, হবিগঞ্জ। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাগণের উপস্থিতির পাশাপাশি এতে প্রায় ৮০ জন খামারি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. মিজানুর রহমান বলেন, দেশের পোল্ট্রি, ফিশ ও ক্যাটেল খাত এখন একটি সম্ভাবনাময় অবস্থানে রয়েছে, তবে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে খামারিদের সঠিক জ্ঞান ও আধুনিক ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে। তিনি উল্লেখ করেন, “শুধু খামার স্থাপন করলেই হবে না, উৎপাদন বাড়াতে হলে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ, উন্নত মানের ফিড ব্যবহার এবং নিয়মিত খামার ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, বর্তমানে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে খামারিদের খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর কৌশল জানতে হবে। সেক্ষেত্রে সঠিক পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও বায়োসিকিউরিটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খামারিদের প্রশিক্ষণ গ্রহণ ও নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী হওয়ার আহ্বান জানান। শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কর্মশালা খামারিদের জ্ঞান বৃদ্ধি এবং বাস্তব সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। অন্যান্য বক্তারা সম্মিলিতভাবে বলেন, খামার খাতে টেকসই উন্নয়ন ও লাভজনকতা অর্জনের জন্য সঠিক জ্ঞান, উন্নতমানের ফিড এবং আধুনিক ব্যবস্থাপনার সমন্বয় অপরিহার্য। তারা জোর দিয়ে বলেন, রোগ প্রতিরোধে বায়োসিকিউরিটি মেনে চলা, বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার পরিচালনা, সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি খামারিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি গ্রহণ এবং বাজার ব্যবস্থাপনায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, যা পোল্ট্রি, ফিশ ও ক্যাটেল খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে অংশগ্রহণকারী খামারিরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন, যা জ্ঞান সম্প্রসারণ এবং কার্যকর খামার ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। |








