| টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর উদ্যোগে ‘IOT Based Precision Agriculture for Sustainable Production’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিএআরসি’র সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি প্রকৌশল ইউনিটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল ফাত্তা মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি প্রকৌশল ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আশরাফুল আলম। তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, আইওটি-ভিত্তিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সম্পদের দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। প্রশিক্ষণ কর্মসূচিতে বিএআরসি’র নার্সভুক্ত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহায়ক হবে এবং টেকসই উৎপাদন ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |







