WPSA-BB-এর বার্ষিক সাধারণ সভায় পোল্ট্রি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

উৎসবমুখর ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের পোল্ট্রি শিল্পের অন্যতম শীর্ষ সংগঠন ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ (Annual General Meeting-2025) সম্পন্ন হয়েছে। ২৯শে আগস্ট, ২০২৬, রোজ শনিবার, সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় রাজধানীর অভিজাত ‘ঢাকা রেজিন্সি হোটেল এবং রিসোর্ট’-এ এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। পোল্ট্রি খাতের বিশিষ্ট বিজ্ঞানী, উদ্যোক্তা এবং অ্যাসোসিয়েশনের সদস্যগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি দেশের পোল্ট্রি শিল্পের আধুনিকীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানের নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় আমন্ত্রিত অতিথিদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে সভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অতিথিদের আসন গ্রহণ শেষে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার মূল পর্বের সূচনা ঘটে। অনুষ্ঠানের শুরুতেই WPSA-BB এর সভাপতি তাঁর স্বাগত ভাষণে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দেশের পোল্ট্রি খাতের টেকসই উন্নয়নে বিজ্ঞানভিত্তিক গবেষণার গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন।

সভার উদ্বোধনী বক্তব্য দেন WPSA-BB এর সভাপতি শামসুল আরেফিন খালেদ। তিনি বলেন, দেশের পোল্ট্রি খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও টেকসই পর্যায়ে নিয়ে যেতে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছে। খামারিদের স্বার্থ ও অধিকার সংরক্ষণের পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ প্রোটিন নিশ্চিত করাকে সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে তুলে ধরেন তিনি। ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে তিনি পোল্ট্রি শিল্পের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যদিকে, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান সভায় ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা’র গত বছরের কর্মকাণ্ড ও অর্জনের চিত্র তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় সংগঠনের বিভিন্ন উদ্যোগ, পোল্ট্রি শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ এবং এসব সমস্যা মোকাবিলায় সম্ভাব্য করণীয় উঠে আসে। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা, বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের উৎপাদন নিশ্চিত করতে সংগঠনটি নিয়মিতভাবে সেমিনার, গবেষণা ও জ্ঞানবিনিময়মূলক কার্যক্রম পরিচালনা করছে। দেশের পোল্ট্রি শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করে তুলতে এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এরপর সংগঠনের কোষাধ্যক্ষ ডা. মো. নুরুল ইসলাম  তাঁর বক্তব্যে বিগত বছরের সামগ্রিক কার্যক্রম এবং পোল্ট্রি শিল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের অংশ হিসেবে তিনি সভার সামনে অডিট রিপোর্ট উপস্থাপন করেন। একই সাথে তিনি আগামী ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন, যা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

বাজেট পেশের পর অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা সভা। এই পর্বে সাধারণ সদস্যগণ দেশের পোল্ট্রি শিল্পের বর্তমান বাজার পরিস্থিতি, খাদ্যের গুণগত মান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। এরপর সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সফল সমাপ্তি ঘোষণা করেন এবং সংগঠনের আগামী দিনের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।