| ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম মারা গেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সোয়া ১০টায় উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অধ্যাপক ড. হামিদা আখতার বেগম ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি কানাডার ইউনিভার্সিটি অব মানিটোবা থেকে মনোবিজ্ঞানে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সেলিং ও গাইডেন্স সেন্টারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উচ্চশিক্ষা, ছাত্রকল্যাণ ও একাডেমিক নেতৃত্বে অধ্যাপক ড. হামিদা আখতারের ভূমিকা শিক্ষাঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন সহকর্মীরা। আইইউবিএটি পরিবার এক শোকবার্তায় তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। |







