| বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) কুমিল্লার আদর্শ সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল— “Act Now: You, Me, Community” যার মূল উদ্দেশ্য জলাতঙ্ক নিয়ন্ত্রণে সবার সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত করা।
অনুষ্ঠানের শুরুতে প্রাণিসম্পদ দপ্তরের প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণিসম্পদ দপ্তরের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রতি বছর বিশ্বব্যাপী হাজারো মানুষ জলাতঙ্কে মারা যায় অথচ এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। নিয়মিত কুকুরকে টিকাদান, আক্রান্ত প্রাণীর সঠিক চিকিৎসা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি করলে এ রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। বক্তারা আরও বলেন, জলাতঙ্ক নির্মূলে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। পরিবার ও সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ ছাড়া জলাতঙ্ক নিয়ন্ত্রণ সম্ভব নয়। আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধে জনগণকে সচেতন করার পাশাপাশি পোষা প্রাণী ও কুকুরকে টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়। |







