| সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম সরকারি সফরে চীন গেছেন। তিনি গত ২০ অক্টোবর (সোমবার) চীন সফরের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন এবং ২১ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চীনের ইউনান প্রদেশে অবস্থান করবেন।
সফরকালে তিনি “দ্য বাংলাদেশ সিল্করোড ওয়ার্কশপ এস্টাবলিশমেন্ট প্রজেক্ট”-এ অংশগ্রহণ করবেন। এর আগে, গত ৯ জুলাই ২০২৫ আলিবাবা ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে “ল্যাঙ্কাং-মেকং কর্মশালা ও শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মসূচি” সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবার চীনে অনুষ্ঠিত হচ্ছে এই পরবর্তী কর্মশালা। ওই কর্মশালায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম “আরসিইপি যুগে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ ও উদ্ভাবনী স্নাতক তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করবেন।
সফরের অংশ হিসেবে তিনি আজ ২২ অক্টোবর চীনে আলিবাবা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও ফটোসেশনে অংশগ্রহণ করেছেন। সফর শেষে তিনি আগামী ২৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। |








