| বাংলাদেশে আলু ও পেঁয়াজ বীজের ভ্যালু চেইন শক্তিশালী করতে “Expanding Climate-Adaptive Cold Storage Solutions for Potato and Onion Seed Value Chains in Bangladesh” শীর্ষক একটি নতুন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৭ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রকল্পটি বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা SNV এবং অর্থায়ন করছে Dutch Fund for Climate and Development (DFCD)। প্রকল্পটির বাস্তবায়নে বাংলাদেশি প্রতিষ্ঠান মালিক সিডস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SNV-এর কান্ট্রি ডিরেক্টর ইসমেনে স্টালপার্স এবং DFCD-এর রিজিওনাল ইনভেস্টমেন্ট অফিসার অ্যালেক্স ডাউনস। মালিক সিডসের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক, চিফ অব পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট সাদেকুল ইসলাম, ডিরেক্টর অব মার্কেটিং ইরাম মালিক, ডিরেক্টর অব অ্যাডমিনিস্ট্রেশন শাহনাজ আহমেদ মালিক, ম্যানেজার অব মার্কেট ডেভেলপমেন্ট মো. শামীম আলম এবং ম্যানেজার অব বিজনেস ডেভেলপমেন্ট (পটেটো) মো. আবিদুর রহমান। এছাড়া SNV-এর পক্ষ থেকে বিজনেস অরিজিনেশন অ্যাডভাইজর মাজেদ মাহিন, GESI ও ESG অ্যাডভাইজর সাদেকা তাসনিম এবং প্রজেক্ট ফাইন্যান্স অফিসার আসমা আসগার উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ বাংলাদেশের কৃষি খাতে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রকল্পের মাধ্যমে আলু, পেঁয়াজ ও সবজি উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও জলবায়ু সহনশীল করে তোলা হবে। একই সঙ্গে কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিপণ্যের ভ্যালু চেইন শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আলু খাতে এই প্রকল্পের আওতায় নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরি করা হবে, যারা উন্নতমানের আলু বীজ উৎপাদনে নেতৃত্ব দেবেন। কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং গুণগতমানসম্পন্ন বীজ ব্যবহারে উৎসাহিত করা হবে। পাশাপাশি আলু সংগ্রহ ও সংরক্ষণে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হবে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং জাতের আলু চাষ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে। পেঁয়াজ খাতে মালিক সিডসের নিজস্ব ৪০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন পেঁয়াজ হিমাগারকে কেন্দ্র করে একটি কার্যকর সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে। কৃষকদের পেঁয়াজ সংগ্রহ ও সংরক্ষণের আধুনিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে এবং মৌসুমি ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে সহায়তা করা হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য পেতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া সবজি খাতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মালিক সিডসের নিজস্ব সবজি প্রক্রিয়াজাত কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে কৃষকরা নিরাপদ ও মানসম্মত সবজি উৎপাদন এবং সংরক্ষণ করতে পারবেন এবং বাজারে তাদের পণ্যের চাহিদা ও মূল্য উভয়ই বৃদ্ধি পাবে। প্রকল্প সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি খাতকে আরও সক্ষম করে তুলবে। |







