| আজ ৮ এপ্রিল, বুধবার কৃষি তথ্য সার্ভিসের রংপুর আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে “রংপুর অঞ্চলের উপযোগী Climate Smart Agriculture (CSA) প্রযুক্তি ও এর বিস্তারে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আয়োজন করে কৃষি তথ্য সার্ভিস, রংপুর।
সেমিনারে রংপুর অঞ্চলের আওতাধীন রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা অফিসসমূহের প্রতিনিধিসহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বীজ প্রত্যয়ন এজেন্সি, সরেজমিন গবেষণা বিভাগ, বিএডিসি, বাংলাদেশ বেতার, কৃষি বিপণন অধিদপ্তর, ধান গবেষণা ইনস্টিটিউট, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, বারটান, বিভিন্ন এনজিও, কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট জেলার উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাইখুল আরিফিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্যে কৃষি তথ্য সার্ভিস, রংপুর অঞ্চলের আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদৎ হোসেন রংপুর অঞ্চলের উপযোগী Climate Smart Agriculture (CSA) প্রযুক্তির গুরুত্ব এবং এর বিস্তারে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা তুলে ধরেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ, রংপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জান্নাতুল ফেরদৌস। তিনি তার উপস্থাপনায় রংপুর অঞ্চলের জন্য উপযোগী জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ও এর সম্প্রসারণ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচকগণ তাদের বক্তব্যে রংপুর অঞ্চলে Climate Smart Agriculture (CSA) প্রযুক্তির সম্প্রসারণে কৃষি তথ্য সার্ভিসের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের কৃষি খাতে ইতোমধ্যেই দেখা যাচ্ছে। তবে এই পরিবর্তনের মধ্যেও কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য কৃষি তথ্য সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে কৃষিতে করণীয় বিষয়গুলো বাংলাদেশ বেতারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে নিয়মিত প্রচারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে ড. মো. সাইখুল আরিফিন বলেন, Climate Smart Agriculture (CSA) প্রযুক্তির প্রসারে কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রমের ফলে কৃষকের দোরগোড়ায় কৃষি বিষয়ক তথ্য পৌঁছে যাচ্ছে। তিনি পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে কৃষি বিষয়ক তথ্য আরও বেশি প্রচার ও প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা রংপুর অঞ্চলের উপযোগী Climate Smart Agriculture (CSA) প্রযুক্তির বিস্তার আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। |







