| টেকেরহাটে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে শনিবার (০৬ ডিসেম্বর) রিজিওনাল মিট অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের টেকেরহাটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম (ফিশ ফিড) সাব্বির আনোয়ার, ফিড ফর্মুলেশন বিভাগের মোঃ আবু সাইদ আকাশ এবং স্ট্রাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম শুভ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের আরএসএম মো. আলাউদ্দীন চঞ্চল, গোপালগঞ্জ অঞ্চলের এএসএম সিফাতুর রহমান, শরীয়তপুর অঞ্চলের টিএসএম সুজন ফকির এবং মাদারীপুর অঞ্চলের টিএসএম আসিফুজ্জামান। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আগত পোল্ট্রি, ফিশ ফিড ও মেডিসিন ডিলাররা রিজিওনাল মিটে অংশ নেন। পাশাপাশি গোপালগঞ্জ ও বরিশাল অঞ্চলের প্রতিযোগী প্রতিষ্ঠানের ডিলাররাও উপস্থিত ছিলেন। বক্তারা আধুনিক ফিড ম্যানেজমেন্ট, উৎপাদন ব্যয় হ্রাস, ব্যবসায়িক স্থিতিশীলতা এবং মানসম্মত মেডিসিন ব্যবহারের ওপর জোর দেন। প্রধান অতিথি মোহাম্মদ মাহমুদ হাসান বলেন, “সঠিক তথ্য, মানসম্মত ফিড এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও লাভ বাড়ানো সম্ভব।” ডিলাররা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম শুভ। প্রোগ্রামে ভার্চুয়ালি যুক্ত হয়ে আফতাব ফিড লিমিটেডের সিইও মাহবুবুর রহমান সরকার বক্তব্য প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানের পণ্যের গুণগতমান, প্রযুক্তিগত সাপোর্ট এবং ডিলারদের সার্বিক সুবিধা ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কোম্পানির অঙ্গীকার তুলে ধরেন। তাঁর বক্তব্যে ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসে। অনুষ্ঠানের মাধ্যমে ডিলার ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং আঞ্চলিক বাজারে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়। |







