দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ জব্দ

চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ এর অংশ হিসেবে দৌলতপুর উপজেলার যমুনা নদীতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী, আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যদের সহযোগিতায়।

অভিযানকালে প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে অগ্নিদগ্ধ করে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, “মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ভবিষ্যত প্রজন্মের জন্য ইলিশ সম্পদ রক্ষায় এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণে নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। স্থানীয় প্রশাসন জানায়, মা ইলিশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।