নিষেধাজ্ঞার মধ্যেই ফেরিতে প্রকাশ্যে ইলিশ বিক্রি

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও পদ্মা নদীর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটের ফেরিগুলোতে প্রকাশ্যে ইলিশ বিক্রির ঘটনা ঘটছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরিতে দেখা গেছে, কয়েকজন বিক্রেতা ঝুড়ি ভর্তি ইলিশ নিয়ে যাত্রীদের ডেকে ডেকে বিক্রি করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে একাধিক বিক্রেতা ছোট আকারের ইলিশ বা জাটকা বিক্রি করছেন, যেগুলোর বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অনেক যাত্রীই তা কিনছেন কোনো বাধা ছাড়াই। বিক্রেতাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ফেরিতে ঘুরে ঘুরে বিক্রি করি। প্রশাসনের লোক দেখলে লুকিয়ে পড়ি।”

এদিকে যাত্রীদের মধ্যে কেউ কেউ এ ধরনের ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। যাত্রী রফিজুল নামের একজন বলেন, “ফেরিতে ইলিশ বিক্রি হচ্ছে, কেউ কিছু বলছে না। দেখে মনে হচ্ছে অভিযান শেষ হয়ে গেছে। এখন কেউ সরকারের নিয়ম মানতে চায় না।”

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। “আজও একাধিক অভিযান পরিচালনা করেছি, আরও একটি অভিযান প্রস্তুত রয়েছে। ফেরিতে ইলিশ বিক্রির বিষয়টি জানার পর আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি,” বলেন তিনি।

প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে ৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৮১ কেজি ইলিশ মাছ এবং ১ লাখ ৯৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৮০ হাজার টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, নদীতে নিষিদ্ধ সময়ে মাছ ধরা বা বিক্রি বন্ধে শুধু তৎকালীন অভিযান নয়, ফেরি ও ঘাট এলাকায় স্থায়ী নজরদারি জোরদার করা জরুরি। তবেই মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল হবে।