প্ল্যানেট গ্রুপের উদ্যোগে ডিমের পুষ্টিগুণ নিয়ে সচেতনতামূলক আয়োজন

বিশ্ব ডিম দিবসের সম্প্রসারিত কার্যক্রম উপলক্ষে ডিমের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে বিশেষ কর্মসূচি আয়োজন করেছে প্ল্যানেট গ্রুপরাউন্ড টেবিল বাংলাদেশ। টুরিস্ট পুলিশ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ১৫ অক্টোবর ২০২৫ টুরিস্ট পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিম হলো সকল বয়সী ও ধর্মের মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী প্রোটিনের উৎস। একটি ৫০ গ্রাম ওজনের ডিম থেকে পাওয়া যায় প্রায় ৭৭ ক্যালরি শক্তি, ৬ গ্রাম প্রোটিন, ৫ গ্রাম ফ্যাট এবং অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড — যা শরীর গঠন, বুদ্ধি বিকাশ ও সুস্থ জীবনধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও জানান, ডিমে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়, ভিটামিন ও মিনারেল হাড় ও দাঁতকে মজবুত করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। এমনকি দৃষ্টি ও স্মৃতিশক্তি বৃদ্ধিতেও ডিম কার্যকর ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা বলেন, ডিমে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম হওয়ায় এটি ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে রাখা ব্যক্তিদের জন্য আদর্শ খাবার। একই সঙ্গে জিম করা ব্যক্তি, অ্যাথলেট, ট্রেইনার ও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ডিম এক অনন্য পুষ্টিকর খাদ্য।

বিশ্ব ডিম দিবসের সম্প্রসারিত কর্মসূচির অংশ হিসেবে প্ল্যানেট গ্রুপ ও রাউন্ড টেবিল বাংলাদেশ ঢাকার একাধিক স্কুল ও পুলিশ বিভাগের (টুরিস্ট ও ট্রাফিক) সদস্যদের মধ্যে ডিমের পুষ্টিগুণ বিষয়ে আলোচনা আয়োজন করে এবং নাস্তা হিসেবে ডিম উপহার দেয়। আয়োজকরা জানান, “ডিম খেতে হবে প্রতিদিন, কারণ এটি প্রকৃতির এক পরিপূর্ণ পুষ্টিকণা।”