বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনে বহিরাগতদের হামলার নিন্দা জানিয়েছে ‘দি ভেট এক্সিকিউটিভ’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, নারী শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং কর্তৃপক্ষ কর্তৃক হল বন্ধ ঘোষণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পেশাজীবী সংগঠন “দি ভেট এক্সিকিউটিভ”

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের মহাসচিব ডা. মোহাম্মদ আল আমীন ও সভাপতি ডা. মো. রেজাউল করিম মিয়া স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, “পেশা এক, কোর্স এক এবং ডিগ্রি এক”—এই দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলনের অংশ হিসেবে বাকৃবির শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছিলেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোটের ব্যবস্থা করলেও প্রায় শতভাগ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দেওয়ার পরও কর্তৃপক্ষ হঠাৎ তিন ধরনের ডিগ্রি (ডিভিএম, এএইচ ও বিএসসি ভেট সাইন্স এন্ড এএইচ) প্রদানের সিদ্ধান্ত নেয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা আন্দোলন আরও বেগবান করেন এবং রোববার প্রায় দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।

এমন পরিস্থিতিতে যৌক্তিক দাবিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসী লেলিয়ে দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। হামলায় নারী শিক্ষার্থীরাও নির্যাতনের শিকার হন। দি ভেট এক্সিকিউটিভ বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে “এক জঘন্যতম ইতিহাস” হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন এবং হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।