ভোলায় আমান ফিডের আধুনিক খামার গড়ি শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত

দ্বীপ জেলা ভোলার সদর উপজেলায় আমান ফিড লিমিটেডের আয়োজনে এবং মেসার্স লিটন ট্রেডার্স এর সৌজন্যে “আধুনিক খামার গড়ি শীর্ষক সেমিনার ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। ০৯ নভেম্বর ২০২৫ বেলা ১০টায় সদর উপজেলার চিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সেমিনারে জেলার আড়াই শতাধিক খামারি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স লিটন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) উজ্জ্বল কান্তি রাহা। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন— “খামার পরিচালনায় সঠিক জ্ঞান, পরিকল্পনা ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা থাকলে লাভবান হওয়া সম্ভব। অযথা খরচ না করে সঠিক পদ্ধতিতে খামার পরিচালনাই সাফল্যের মূল চাবিকাঠি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড লিমিটেডের টেকনিক্যাল হেড ও এজিএম (AGM) ডাঃ মীর মোনায়েম হোসেন এবং ফিসারিজ টেকনিক্যাল সিনিয়র এক্সিকিউটিভ মোঃ সোহরাব। ডাঃ মোনায়েম হোসেন আধুনিক পোল্ট্রি ও গবাদিপশু খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, আর মোঃ সোহরাব মাছ চাষের আধুনিক প্রযুক্তি ও রোগ ব্যবস্থাপনা নিয়ে মূল্যবান তথ্য তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলার মার্কেটিং সিনিয়র অফিসার আল ফাহাদ ও সিরাজুল ইসলাম। সেমিনারটি সঞ্চালনা করেন আমান ফিড লিমিটেডের বরিশাল জোনের ম্যানেজার তারিকুল আল তৈয়ব। সার্বিকভাবে খামারিদের উপস্থিতি ও আগ্রহে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে, যা ভোলার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।