মন্ত্রণালয়ের যুগোপযোগী সিদ্ধান্তে “দি ভেট এক্সিকিউটিভ”-এর কৃতজ্ঞতা প্রকাশ

বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে দীর্ঘদিনের জটিলতা নিরসনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যুগান্তকারী এক সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৫ নভেম্বর ২০২৫, বুধবার মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়— বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসের প্রবেশস্তরের সকল পদ এখন থেকে শুধুমাত্র কম্বাইন্ড ডিগ্রিধারী (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি) গ্র্যাজুয়েটদের মাধ্যমে পূরণ করা হবে।

অর্ধশত বছরেরও বেশি সময় ধরে চলমান একটি ঐতিহাসিক সমস্যার সমাধান হিসেবে এই সিদ্ধান্তকে দেখছে সংশ্লিষ্ট মহল। কৃষিনির্ভর বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ নিশ্চিত করার ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছে সংশ্লিষ্টরা।

“দি ভেট এক্সিকিউটিভ” সংগঠন এক বিবৃতিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই যুগোপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে। সংগঠনটি বলেছে, “এই সিদ্ধান্তের মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশাসনিক ও পেশাগত দ্বন্দ্বের অবসান ঘটবে। এখন থেকে সকল ভেটেরিনারি পেশাজীবী এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে কাজ করতে পারবেন, যা জাতির স্বাস্থ্য, মেধা ও মনন বিকাশে বড় ভূমিকা রাখবে।”

বিবৃতিতে আরও বলা হয়, “সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে প্রাণিসম্পদ শিল্পের নতুন অধ্যায় রচিত হবে, যা টেকসই উন্নয়ন ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে বিশেষ অবদান রাখবে।”

সময়োপযোগী এই উদ্যোগের জন্য দি ভেট এক্সিকিউটিভ সংগঠনটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (BVA), ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (VDAB), বিসিএস লাইভস্টক ক্যাডার এসোসিয়েশন এবং বিভিন্ন প্রফেশনাল সংগঠনকে ধন্যবাদ জানিয়েছে, যাদের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় আজকের এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।

সংগঠনের সভাপতি ডা. মোঃ রেজাউল করিম মিয়া এবং মহাসচিব ডা. মোঃ আল-আমীন স্বাক্ষরিত অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।