লক্ষ্মীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর, ৩ জুন ২০২৬: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), লক্ষ্মীপুরের মে ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপপরিচালকের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ জহির আহমেদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর।

জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মঞ্জুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলার কৃষি কার্যক্রম, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তারা। এ সময় কৃষি উন্নয়ন ও কৃষকসেবার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিস, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতানা রাজিয়া। তিনি লক্ষ্মীপুর জেলায় কৃষি তথ্য সার্ভিসের চলমান কার্যক্রম, কৃষি বিষয়ক তথ্য প্রচার এবং কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপস্থাপনা করেন।

সভায় কৃষিবিদ মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, রায়পুর ‘কৃষিকথা’ পত্রিকার ৫৭০ জন গ্রাহকের সদস্যতা বাবদ ৫৭ হাজার টাকা কৃষি তথ্য সার্ভিসের নিকট প্রদান করেন।

সভায় জেলার কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল ও কৃষকবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের তথ্যসেবা নিশ্চিতকরণ এবং উৎপাদন বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।