শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭ আগস্ট ২০২৬ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ইনস্টিটিউট অব সিড টেকনোলজির উদ্যোগে ‘এমএস ওরিয়েন্টেশন প্রোগ্রাম (জুলাই-ডিসেম্বর/২০২৬ সেমিস্টার)’ উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় আয়োজিত নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবভর্তি স্নাতকোত্তর (এমএস) শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণার সুযোগ-সুবিধা এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভালো বীজ, ভালো ফল, উন্নত কৃষি—সমৃদ্ধ জীবন। ভালো ফসল উৎপাদন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পূর্বশর্ত হলো মানসম্মত বীজ। আর সেই মানসম্মত বীজের কারিগর হতে চলেছো তোমরা। তোমাদের সবাইকে আন্তরিক সাধুবাদ জানাই।”

তিনি আরও বলেন, “গবেষণামুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা এবং পেশাগত দক্ষতার সমন্বয়ের মাধ্যমে তোমরাই দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করবে। উন্নত বীজ প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি উন্নয়নে তোমাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কসের পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, কাজী এম. বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, সাউরেস-এর পরিচালক ড. এফ. এম. আমিনুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের গবেষণায় নিষ্ঠা, একাডেমিক সততা, সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে দক্ষ গবেষক ও যোগ্য মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা। সভাপতির বক্তব্যে তিনি ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম, গবেষণার আধুনিক সুযোগ-সুবিধা, ল্যাবরেটরি, একাডেমিক নীতিমালা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে সিড টেকনোলজির দক্ষ গবেষক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, গবেষণা কার্যক্রম, একাডেমিক ও প্রশাসনিক নিয়মাবলি, পরীক্ষাপদ্ধতি, গবেষণা নৈতিকতা এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং নবভর্তি এমএস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত, উৎসাহব্যঞ্জক ও অংশগ্রহণমূলক এই আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা হয় এবং উচ্চশিক্ষা ও গবেষণার পথে তাদের আত্মবিশ্বাসী যাত্রার ভিত্তি রচিত হয়।