| পুরোনো দিনগুলোর স্মৃতি আর বন্ধুত্বের বন্ধনে আবারও একত্রিত হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)–এর ১৯৯৬–৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য পুনর্মিলনীর আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে একটি আনন্দঘন র্যালি বের করা হয়। কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পরিচিত সড়ক ঘুরে র্যালিটি হেলিপ্যাড এলাকায় গিয়ে শেষ হয়। র্যালি শেষে অ্যালামনাই ও তাদের সন্তানদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় একটি সেমিনারের আয়োজন করা হয়। সন্ধ্যায় ছিল পিঠা উৎসব, অ্যালামনাইদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও আতশবাজি। আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার পর গালা ডিনারের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয়। শনিবার পুনর্মিলনীর দ্বিতীয় দিনে অ্যালামনাইরা তাদের নিজ নিজ আবাসিক হল পরিদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করবেন। একই দিন সকাল ১১টায় ১৯৯৬–৯৭ ব্যাচের ভবিষ্যৎ করণীয় ও পরিকল্পনা নিয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা বলেন, দূর-দূরান্ত থেকে বন্ধু ও তাদের পরিবার নিয়ে এই পুনর্মিলনীতে অংশগ্রহণ বন্ধুত্বের গভীরতা ও পারস্পরিক অঙ্গীকারের শক্ত প্রমাণ। এই আয়োজন অতীতের স্মৃতি, বর্তমানের আনন্দ ও ভবিষ্যতের প্রত্যাশাকে একসূত্রে গেঁথে দিয়েছে। তিনি আরও বলেন, পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘সতীর্থ ৯৬–৯৭’ এই মিলনমেলার একটি স্থায়ী দলিল হিসেবে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্কাইভ হয়ে উঠবে। প্রয়াত বন্ধুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আয়োজক কমিটির সদস্য সচিব এস. এম. মুসা তালুকদার চমক বলেন, পুনর্মিলনী শুধু দেখা হওয়ার আয়োজন নয়; এটি সহযোগিতা, স্মৃতি সংরক্ষণ এবং সম্মিলিত লক্ষ্য নির্ধারণের একটি মাধ্যম। বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্ত ও সম্পর্ক আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই স্মৃতিগুলো লিপিবদ্ধ করে সংরক্ষণ করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। |







