| পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং প্রোটিনসমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর ঢাকা অঞ্চলের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি)-এর যৌথ উদ্যোগে ২২ আগস্ট ২০২৬ শনিবার ঢাকার বিপিআইসিসি কার্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা অঞ্চলের বাছাই পর্বে নিবন্ধিত শতাধিক প্রতিযোগীর মধ্যে ৬০ জন সরাসরি প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীদের রান্না ও রেসিপির গুণগত মান, পুষ্টিমান এবং সৃজনশীলতা মূল্যায়ন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান, রন্ধনবিশেষজ্ঞ রহিমা সুলতানা রিতা এবং পুষ্টিবিদ ইশরাত জাহানের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী। বিচারকদের মূল্যায়নে ঢাকা পর্ব থেকে গ্র্যান্ড ফাইনালের জন্য সেরা আটজন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন। তারা হলেন—সুরিয়া পারভীন, সাজিয়া ফেরদৌস, সালেহা শম্পা, ফারহানা আক্তার নিপা, আবু আবদুল্লাহ মোঃ সিয়াম, নাহিদ হাসান, রাজিয়া সুলতানা ও খন্দকার ফারজানা ইয়াসমিন। প্রতিযোগিতার ঢাকা পর্বের চূড়ান্ত তালিকায় সুরিয়া পারভীন প্রথম, সাজিয়া ফেরদৌস দ্বিতীয় এবং সালেহা শম্পা তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া ফারহানা আক্তার নিপা চতুর্থ, আবু আবদুল্লাহ মোঃ সিয়াম পঞ্চম, নাহিদ হাসান ষষ্ঠ, রাজিয়া সুলতানা সপ্তম এবং খন্দকার ফারজানা ইয়াসমিন অষ্টম স্থান অর্জন করেন। ইতোমধ্যে সিলেট ও খুলনা অঞ্চলের বাছাই পর্ব থেকে নির্বাচিত ১২ জনের সঙ্গে ঢাকা পর্বের সেরা আটজনসহ মোট ২০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের গ্র্যান্ড ফাইনালে অংশ নেবেন। শিগগিরই ঢাকায় এ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‘Nourish your plate with Protein’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় মুরগি, ডিম ও সয়াবিনের সমন্বয়ে বিভিন্ন সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি প্রস্তুত করেন প্রতিযোগীরা। আয়োজকদের মতে, দৈনন্দিন খাদ্যতালিকায় সহজলভ্য ও সাশ্রয়ী প্রোটিনের উৎস অন্তর্ভুক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুষ্টিকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। |







