বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অফিস ইকুইপমেন্ট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার দুপুর ১২.০০টায় ‘অফিস ইকুইপমেন্ট বিতরণ অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাকৃবি ভিসি সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা শুরুতে এই প্রকল্পের সামগ্রিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া বলেন যে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে গতিশীলতা ও আধুনিকায়ন নিশ্চিত করতে আজকে যেসমস্ত যন্ত্রপাতি বিভিন্ন বিভাগ/শাখায় বিতরণ করা হলো সেগুলোর সর্বোচ্চ ব্যবহারের জন্য এবিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক/কর্মকর্তা যেন যথাযথভাবে অবগত থাকেন তা নিশ্চিত করতে হবে।

​তিনি আশা করেন যে, এসকল অফিস ইকুইপমেন্ট এর মাধ্যমে বাকৃবির শিক্ষা এবং অফিস পরিচালনা কার্যক্রম গতিশীল হবে এবং আরও অধিকতর উন্নয়নের জন্য উপস্থিত সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এই প্রকল্পের সফল বাস্তবায়নে কমিটির সদস্যদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের হাতে নতুন সরঞ্জামাদি তুলে দেন।

​উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প এর অর্থায়নে এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার তত্ত্বাবধানে সর্বমোট ৬৫ টি ল্যাপটপ, ৭০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ৬০ টি ফটোকপিয়ার মেশিন অত্র বিশ্ববিদ্যালয়ের ৭২ টি সেকশনে বিতরণ করা হয়েছে।

​উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, কো-অর্ডিনেটর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সংশ্লিষ্ট ক্রয় কমিটির সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত প্রক্টর, ভারপ্রাপ্ত ট্রেজারার, জনসংযোগ ও প্রকাশনা দফতর এর ভারপ্রাপ্ত পরিচালকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।