বিএসভিইআরের সম্মেলনের প্রথম দিনে বাকৃবিতে ‘উদ্যোক্তা সন্ধ্যা’

​বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে “উদ্যোক্তা সন্ধ্যা: বড় স্বপ্ন দেখ, বুদ্ধিদীপ্তভাবে শুরু কর” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

​মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হুসাইন নাজিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

​এছাড়া উপস্থিত ছিলেন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, হুভার্স এগ্রোভেট লিমিটেডের পরিচালক ড. খন্দকার রকিবুল ইসলাম, ইন্টার এগ্রো বিডি লিমিটেডের সিইও ড. এ. কে. এম. খসরুজ্জামান, সাবেক অধ্যাপক ড. প্রিয় মোহন দাসসহ অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

​অনুষ্ঠানে সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘আজকের ‘উদ্যোক্তা সন্ধ্যা’ মূলত একটি ‘অনুপ্রেরণামূলক সন্ধ্যা’। বিপুল সংখ্যক গ্র্যাজুয়েট বের হওয়ায় ভবিষ্যতে শুধু সরকারি চাকরির ওপর নির্ভর করা কঠিন হতে পারে। তবে এখন প্রাইভেট প্র্যাকটিস বাড়াটা ইতিবাচক। ভেটেরিনারি সায়েন্সের মূল ভিত্তি মেডিসিন ও সার্জারিতে দক্ষ হতে পারলে স্বাবলম্বী হওয়া সহজ হবে।’

​ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের এই উদ্যম দেখে নিজেরও উদ্যোক্তা হওয়ার বয়সে ফিরে যেতে ইচ্ছে করে। উদ্যোক্তা হওয়ার মূল চাবিকাঠি হলো একটি স্পষ্ট ভিশন ও বাস্তবমুখী পরিকল্পনা। আশা করি, আজকের আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে।’