| শিক্ষার উৎকর্ষ সাধন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে Sher-e-Bangla Agricultural University Alumni UK (SAU Alumni UK)-এর উদ্যোগে ‘Scholarship Award Program’ অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জুলাই) ঢাকার সোবহানবাগস্থ এলাকার গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দুই কৃতী শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট, সনদ ও সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে অনার্স শেষ বর্ষে সর্বোচ্চ সিজিপিএ (৩.৯৯/৪.০০) অর্জনের জন্য নিলিমা আলী মৌমিকে ৬০ হাজার টাকা এবং প্রথম বর্ষে সর্বোচ্চ সিজিপিএ (৩.৯৪৭/৪.০০) অর্জনের জন্য কাজী নাবিলা আহমেদকে ৪০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী তুহিন। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক। এছাড়া SAU Alumni UK-এর প্রতিনিধি দিলরুবা শবনম তুলি বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করে। এটি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে দেশ ও জাতির কল্যাণে তাঁদের মেধা, যোগ্যতা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবি ‘র কৃষি অনুষদের ডিন ন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান। অন্যান্য বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের যথাযথ স্বীকৃতি ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতেও এ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক, SAU Alumni UK-এর প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ‘Investing in Education, Inspiring the Future’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে SAU Alumni UK-এর অঙ্গীকার আরও একবার প্রতিফলিত হয়েছে। |







