| বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির নবনিযুক্ত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: রুহুল আমিন দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুর ১২.০০টায় উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিদায়ী কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম আনুষ্ঠানিকভাবে প্রফেসর ড. মো: রুহুল আমিন এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
প্রফেসর ড. রুহুল আমিন এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. ফারজানা দিবার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান, সদ্য সাবেক ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষকবৃন্দ।শুরুতেই প্রফেসর ড. মো: সামছুল আলম কো-অর্ডিনেটর অফিসের কার্যপরিধি নিয়ে সংক্ষেপে বক্তব্য প্রদান করেন। এছাড়াও আরও বক্তব্য প্রদান করেন সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: সামছুল আলম ভূঁঞা, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. রোস্তম আলী প্রমুখ। বক্তারা বিদায়ী কো-অর্ডিনেটরের দায়িত্ব পালনকালীন সময়ে সম্পাদিত কাজের প্রশংসা করেন এবং নবনিযুক্ত কো-অর্ডিনেটরকে অভিনন্দন ও ভবিষ্যৎ কর্মপন্থার জন্য শুভকামনা প্রকাশ করেন। উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী ও নবনিযুক্ত কো-অর্ডিনেটর দুইজনকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে নবনিযুক্ত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: রুহুল আমিন সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দুইবছর সঠিকভাবে দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সন্মানিত শিক্ষকবৃন্দ এবং উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। |







