নরসিংদীর প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করল BFSA প্রতিনিধি দল

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (BFSA) মাননীয় সদস্য মোহাম্মদ শোয়েবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নরসিংদীর প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এ পরিদর্শনকালে প্রতিনিধি দলটি প্রাণ-আরএফএল গ্রুপের কিউসি (QC), কিউএ (QA) ও প্রডাকশন টিমের সদস্যদের জন্য খাদ্য নিরাপত্তা ও মানসম্মত চর্চার ওপর একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করে।

প্রশিক্ষণ সেশনে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মান নিয়ন্ত্রণ এবং উৎপাদন প্রক্রিয়ায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (মার্কেটিং) কামরুজ্জামান কামাল প্রতিনিধি দলকে গ্রুপের সামগ্রিক কার্যক্রম ও পরিচালন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। পরবর্তীতে BFSA প্রতিনিধি দল প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডেইরি ও জুস উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করে। এ সময় তারা সরাসরি উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত পণ্য পৌঁছে দিতে ধারাবাহিক শিখন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং খাদ্য নিরাপত্তার সুনির্দিষ্ট নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিদর্শন ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে সরকারি নিয়ন্ত্রক সংস্থা এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।